পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩
- আপডেট সময় : ০৩:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রমানিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক-হেলপারসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সকালের দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রমানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ট্রাক স্ট্যান্ড থেকে একটি খালি ট্রাক ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়।
এতে চালক-হেলপারসহ তিনজন আহত হয়। খবর পেয়ে স্থানীয় তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। ট্রাকের ভেতর থেকে চালক সবুজের মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে তিনজন আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’


























