প্রতিশ্রুতি-পাল্টাপাল্টি অভিযোগে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা
- আপডেট সময় : ১২:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচিতে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পাশাপাশি রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
গতকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি গণসংযোগে নামেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি জানান, দীর্ঘ ১৫ বছর পর জাতি একটি ভালো নির্বাচন পেতে চাচ্ছে, এবারের নির্বাচনে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘এটি নৈতিকতার প্রশ্ন। আমার দেশ বাংলাদেশ। যে এ দেশে বিশ্বাস করে না, সে আবার দেশের উন্নতি করবে কীভাবে?’
খুলনায় নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় খুলনা-৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, পানির স্রোতের মত কালো টাকা বিলানো হচ্ছে। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি আজ। সংশয় এই কারণে যে নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে।’
দিনাজপুরের হিলিতে নির্বাচনি প্রচারে নামেন বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় তিনি ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
কক্সবাজারে নির্বাচনি জনসভায় যোগ দেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাহিদ ইসলাম ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় নাহিদ ইসলাম নতুন জালেমদের আসন্ন নির্বাচনের মাধ্যমে রুখে দেয়ার কথা জানান। আর নির্বাচনে কারচুপি হলে জনগণ তা রুখে দিবে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে যদি কোনো কারচুপি হয়, কোনো ষড়যন্ত্র হয় এ জাতি তা রুখে দেবে। এ নির্বাচন কোনোভাবে মেনে নেবে না।’
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, ‘যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশে জালিম হয়ে আবির্ভূত হয়েছে।’
এদিকে কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনি গণসংযোগ চালান বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এসময় তিনি ধানের শীষে ভোট চান।
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় ভোটারদের কাছে দলীয় ইশতেহার তুলে ধরার পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন।
ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় অংশ নিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম জানান, ৫ আগস্টের পর ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিলেও ক্ষমতার মোহে একটি দল সে ঐক্য থেকে উধাও হয়ে গেছে ।
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘আল্লাহ মাফ করুক। এখানে ইসলামের পরিবর্তে ক্ষমতার মোহ ছোবল দিয়ে ছিনতাই করা হচ্ছে।’
এছাড়া সারা দেশে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্রসহ বিভিন্ন জোটের প্রার্থীরা।





















