ফিরলেন অধিনায়ক, টেস্ট ক্যারিয়ার কি শেষ খাজার
- আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অ্যাডিলেড টেস্টে প্যাট কামিন্সের ফেরাটা প্রত্যাশিতই ছিল। পিঠের চোট কাটিয়ে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট খেলবেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
অ্যাডিলেডে স্পিনবান্ধব পিচে একাদশে নেওয়া হয়েছে অফস্পিনার নাথান লায়নকে। আর ব্রিসবেন টেস্টে চোটের কারণে মাঠেরই বাইরে থাকা উসমান খাজা ফিট হলেও জায়গা পেলেন না একাদশে। তাতে অনেকের মনেই প্রশ্নের জাগতে পারে পার্থেই কি অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্টটি খেলে ফেললেন ৩৮ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার?
অধিনায়ক প্যাট কামিন্স এবং অফস্পিনার নাথান লায়ন দলে ফেরায় বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।
এই সপ্তাহের শুরুতে খাজা বলেছিলেন, তিনি শতভাগ ফিট এবং নিজের জায়গা ধরে রাখতে মুখিয়ে আছেন। তাঁকে মিডল অর্ডারে খেলানোর সম্ভাবনাও আলোচনা হয়েছিল। তবে নির্বাচকেরা জশ ইংলিসকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং জ্যাক ওয়েদারাল্ড-ট্র্যাভিস হেডের ওপেনিং জুটিতেই আস্থা রাখছেন।
অ্যাডিলেড টেস্ট চলাকালীন খাজার বয়স হবে ৩৯ বছর। ২০২৩ অ্যাশেজের পর থেকে তিনি ৪৫ ইনিংসে গড়ে ৩১.৮৪ রান করেছেন, যেখানে রয়েছে মাত্র একটি সেঞ্চুরি।
একাদশ নিয়ে অধিরনায়ক কামিন্স বলেন, ‘আমাদের দলে সবচেয়ে বড় পরিবর্তনটা সম্ভবত প্রথম টেস্টের পর ট্রাভিসের ওপেনিংয়ে নামা এবং ওয়েদারাল্ডের সঙ্গে সেই জুটিটা কতটা ভালো দেখাচ্ছে—এটাই। এই ব্যাটিং লাইন-আপ নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। মিডল অর্ডারে পরিবর্তনের কোনো প্রয়োজন মনে হয়নি।’
অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের প্রশংসা করে পেস বোলিং অলরাউন্ডার কামিন্স যোগ বলেন, ‘এরপর মার্নাস (লাবুশেন) আর স্টিভ (স্মিথ)-এর মতো ব্যাটাররা যখন নামছে, তারাও সেই শুরুর ওপর ভর করে ভালোভাবে নিজেদের ইনিংস গুছিয়ে নিতে পারছে। আমি জানি না এতে প্রতিপক্ষ পুরোপুরি এলোমেলো হয়ে গেছে কি না, তবে এটা অবশ্যই একটা গতি এনে দিয়েছে, স্কোরবোর্ড সচল রেখেছে এবং আমাদের ইনিংসের শুরুটা দারুণ করেছে।’
খাওয়াজার দলে ফেরার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ‘হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই আছে। নির্বাচকেরা এই ব্যাপারে খুবই স্পষ্ট যে আমরা প্রতি সপ্তাহে আলাদা করে দল নির্বাচন করি। এর মানে এই নয় যে আগের সপ্তাহের দলটাই হুবহু রাখতে হবে। এই সপ্তাহে বোলারদের ক্ষেত্রেও আমরা সেটাই করেছি।’
দলে চোটের সমস্যা থাকা সত্ত্বেও অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজের দুই টেস্টেই দাপুটে জয় পেয়েছে অজিরা। এই দুই টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ছিলেন স্মিথ। স্মিথ সহ দলের বাকিদের ভূয়সী প্রশংসা ঝরে পড়ে কামিন্সের কন্ঠে ‘যারা জায়গা পূরণ করতে নেমেছে, তারা অসাধারণ খেলেছে। এটা সেই খেলোয়াড়দের জন্য যেমন বড় কৃতিত্ব, তেমনি কোচদের এবং দিনের পুরোটা সময় খেলোয়াড়দের যেভাবে স্টিভ (স্মিথ) ম্যানেজ করেছে, সেটারও কৃতিত্ব।’
অসুস্থতার কারণে স্টিভেন স্মিথ সোমবার অনুশীলনে অংশ নিতে পারেননি, তবে মঙ্গলবার তিনিই প্রথম নেটে ব্যাটিং করতে নামেন। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ :
জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
























