ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪
- আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার কর্মীরা ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর তিন জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ওসি আরও বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যান চালকের মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে বাস ও কাভার্ডভ্যান সরানোর কাজ করছে পুলিশ।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থা চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মৃতদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।


























