ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা
- আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
সবশেষ গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা। শুরুতে পিছিয়ে পড়ার পর এবার কাতালান ক্লাবটির ঘুরে দাড়িয়ে জয় পাওয়ার নায়ক জুলস কুন্দে। জার্মান ক্লাবটির বিপক্ষে তিন মিনিটের এক ঝড়ে জোড়া গোল করে বার্সাকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছেন ফরাসি এই রাইট-ব্যাক।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা। ৬ ম্যাচে ৩ জয়, এক হার ও দুই ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে হান্সি ফ্লিকের দলের অবস্থান এখন পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে। আর ইউরোপ সেরা প্রতিযোগিতার এবারের আসরে ৬ ম্যাচে এ নিয়ে চারবার হার দেখা ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট সংগ্রহ করে ৩০ নম্বরে আছে।
দীর্ঘ সময় পর নিজেদের দূর্গ ন্যূ ক্যাম্পে ফেরার ম্যাচে বল দখলের লড়াইয়ে পুরো আধিপত্য দেখিয়েছে বার্সা। ৭৬ শতাংশ বল নিজেদের কাছে রেখে লামিনে ইয়ামাল-রাফিনহারা ১৯টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রেখেছে। যেখানে মাত্র ছয়টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে ফ্রাঙ্কফুর্ট।
তবে প্রথম গোলের দেখা যায় ফ্রাঙ্কফুর্টই। এক পাল্টা আক্রমণে ২১ মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই ব্যবধান ১-০ করে সফরকারীরা। বার্সার হাই-লাইন রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে নিচু শটে স্বাগতিকদের গোলকিপার জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন আন্সগা। এর আগে ৫ ও ১৩ মিনিটে দু’বার ফ্রাঙ্কফুর্টের জালে বল জড়ানোর সুযোগ পেয়েছিল বার্সা। তবে ব্যর্থ হয়ে প্রথামার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
দ্বিতীয়ার্ধে বার্সার রক্ষণভাগে একাধিকবার ভয় ধরিয়ে দেয় ফ্রাঙ্কফুর্ট। পরপর দুইবার ফারেস চাইবি ও হুগো লারসনের প্রচেষ্টা দারুণ সেভে ঠেকিয়ে দেন গার্সিয়া।
৫০ মিনিটে বদলি হিসেবে নেমেই গোলে অবদান রাখেন মার্কাস র্যাশফোর্ড। বাঁ দিক থেকে ইংলিশ ফরোয়ার্ডের চমৎকার ক্রসে হেডে সমতা টানেন কুন্দে। মিনিট তিনেকের মধ্যেই আবার কুন্দে ম্যাজিক। এবার লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে ব্যবধান ২-১ করেন বার্সার ফরাসি ডিফেন্ডার।
তৃতীয় গোলের খোঁজে আরও চাপ বাড়ায় বার্সা। তবে রক্ষণভাগে দৃঢ় প্রতিরোধ গড়ে মাঝে মাঝে পাল্টা আক্রমণে বিপদও তৈরি করে ফ্রাঙ্কফুর্ট। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর কোনো দলই। তাতে ২০২২ সালে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নূ ক্যাম্পে ২-৩ গোলে সেই হারের ক্ষতেও খানিকটা প্রলেপ দিল বার্সেলোনা।
























