বড় জয়ে রিয়াল, আবার হারল বার্সেলোনা
- আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
শিরোপার নিষ্পত্তি আগেই হয়ে যাওয়ায় শেষ রাউন্ড নিয়ে তেমন আগ্রহ ছিল না কারও। সেই ম্যাচটি হেরে বসেছে বার্সেলোনা। তবে ভুল করেনি রিয়াল মাদ্রিদ। দারুণ জয়েই মৌসুম শেষ করেছে লস ব্লাঙ্কোসরা।
নিজেদের ঘরের মাঠে স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে অ্যাথলেটিক ক্লাবকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল। অন্যদিকে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা।
লিগ শিরোপা নিশ্চিত করার পর তিন ম্যাচের দুটিই হারল কাতালান ক্লাবটি। ফলে একশ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সুযোগ হাতছাড়া হলো তাদের। ৩৮ ম্যাচে ৯৪ পয়েন্ট পেল তারা। অন্যদিকে রিয়ালের ঝুলিতে ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট।
রিয়ালের জার্সিতে এটিই ছিল দানি কারভাহাল ও ডেভিড আলাবার শেষ ম্যাচ। কোচ হিসেবে আলভারো আরবেলোয়ারও এটিই ছিল শেষ। তাদের বিদায়টা বড় জয়েই দিতে পারল রিয়াল।
ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েই খেলে আলভারো আরেবেলোয়ার দল। ১১ মিনিটে গনজালো গার্সিয়ার গোলে লিড নেয় তারা। পরে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। বিরতিতে যাওয়ার আগে গোরকা গুরুয়েতার গোলে ব্যবধান কমায় অ্যাথলেটিক ক্লাব।
বিরতির পর ফিরে ৫০ মিনিটে আবার দলকে দুই গোলে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। পরে ৮৭ মিনিটে ব্রাহিম দিয়াজ লক্ষ্যভেদ করলে প্রায় নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়। ৯০ মিনিটে উরকো ইজেতার গোলে পরাজয়ের ব্যবধান কমে অ্যাথলেটিক ক্লাবের।
সব মিলিয়ে এবারের লিগে ৩৮ ম্যাচে ২৭ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে ৮৬ পয়েন্ট নিয়ে রানার্স হলো রিয়াল।
একই সময়ে ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে যেন পাত্তাই পায়নি বার্সেলোনা। যদিও গোলশূন্য প্রথমার্ধের পর ৬০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন রবার্ট লেভানডফস্কিই। তবে এরপর একে একে তিন গোল করে স্বাগতিক ক্লাবটি।
ম্যাচের ৬৫ মিনিটে জাভি গুরেইরা, ৭০ মিনিটে রিওজা ও ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে গুইদো রদ্রিগেজ গোল করলে পরাজয়ের গ্লানিতেই মৌসুম শেষ হয় বার্সেলোনার।
লিগের শেষ তিন ম্যাচের দুইটি হারলেও সব মিলিয়ে ৩৮ ম্যাচে ৩১ জয়, ১ ড্র ও ৬ পরাজয়ে পরপর দুইবার লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা।



























তারেক রহমানসহ বিএনপি নেতারা ঈদের নামাজ আদায় করবেন কোথায়?