ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়
- আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
শেষ পর্যন্ত অপেক্ষা করালেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের ঘরের মাঠ মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আতিথেয়তা নেয় রিয়াল। যেখানে আলভারো কারেরাস ও কিলিয়ান এমবাপের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
এই জয়ে লা লিগার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল। লিগে টানা সপ্তম জয়ের পর ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট পেয়ে দুইয়ে আছে আলভারো আরবেলোয়ার দল।
এদিন কার্ডের নিষেধাজ্ঞায় ভিনিসিউস জুনিয়র এবং চোটের কারণে জুড বেলিংহ্যাম ও রদ্রিগোকে ছাড়া মাঠে নামে রিয়াল। গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অনুপস্থিতি ভালোই টের পায় দলটি।
প্রথমার্ধে বেশ চাপেই ছিল রিয়াল। ভ্যালেন্সিয়ার গোলকিপার স্তোলে দিমিত্রিয়েভস্কি শুরুতেই দুর্দান্ত দুটি সেভ করেন। একবার আর্দা গুলারের নিচু শট এবং পরে দুরূহ কোণ থেকে এমবাপের জোরালো শট ঠেকান তিনি। অন্যদিকে ভ্যালেন্সিয়ার আর্নাউত ডানজুমা ও পেপেলুরা দুবার গোলের ভালো সুযোগ তৈরি করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আলভারো কারেরাস। ৬৫ মিনিটে ভ্যালেন্সিয়ার তিন ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
গোল হজমের পর ভ্যালেন্সিয়া আক্রমণে ধার বাড়ায়। ৭১ মিনিটে লুকাস বেলত্রানের শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় তাদের।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপে। ব্রাহিম দিয়াসের বাড়ানো বল থেকে ঠান্ডা মাথায় গোল করে লা লিগার শিরোপার লড়াইয়ে দলকে টিকিয়ে রাখেন ফরাসি তারকা।






















