মধ্যপ্রাচ্যে যুদ্ধ: চারদিনে বাংলাদেশ থেকে বাতিল হলো ১৩১ ফ্লাইট
- আপডেট সময় : ১২:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১ বার পড়া হয়েছে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকায় গত চারদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর মধ্যে সোমবার (২ মার্চ) পর্যন্ত বাতিল হয়েছে ১০৯টি এবং ৩ মার্চ বাতিল হয়েছে ২২টি ফ্লাইট। বেবিচকের হিসাব অনুযায়ী- ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়।
৩ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারলাইন্সের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, জাজিরা এয়ারলাইন্সের ৪টি এবং কুয়েত এয়ারের ২টি ফ্লাইট। তবে বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ এবং দুবাই ব্যতীত অন্যান্য রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।





















