মায়ামিতে ইতিহাস গড়ে আবার বর্ষসেরা মেসি
- আপডেট সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
মায়ামির মহা তারকাই জিতেছেন এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ পুরষ্কার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ৭০ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গণমাধ্যমের ৮৩.০৫ শতাংশ, খেলোয়াড়দের ৫৫.১৭ এবং ক্লাবের ৭৩.০৮ শতাংশ ভোটে বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে থেকে সেরা হয়েছেন ৩৮ বছর বয়সী ফুটবলার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সান দিয়েগোর উইঙ্গার অ্যান্ডার্স ড্রেয়ার মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছেন।
এমএলএসের ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় টানা দুই মৌসুম বর্ষসেরার পুরষ্কার জিতলেন। আর এই লিগটিতে মোট দুইবার এমভিপি হওয়া দ্বিতীয় ফুটবলার মেসি। ১৯৯৭ ও ২০০৩ সালে এই ট্রফি জিতেন প্রেকি।
ইন্টার মায়ামির অধিনায়ক ২০২৫ সালে ছিলেন দুর্দান্ত ছন্দে। লিগে ২৮ ম্যাচে ২৯ গোল করে গোল্ডেন বুট জেতেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী। এছাড়া ১৯টি অ্যাসিস্টও করেন ‘এলএম টেন’। টানা দু’বার এমএলএসের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক মৌসুমে কমপক্ষে ৩৬টি গোলে অবদান রাখা ফুটবলার মেসি।
সদ্য সমাপ্ত মৌসুমে আরও বেশ কয়েকটি রেকর্ডে নাম লেখান মেসি। গত ২৮ মে থেকে ১২ জুলাই পর্যন্ত টানা পাঁচ ম্যাচে গোল করেও রেকর্ড গড়েন তিনি।
পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর একটি ট্রফি খুব করে চেয়েছিলেন মেসি। আর্জেন্টাইন এই মহাতারকা যুক্তরাষ্ট্রের এই ক্লাবে যোগ দেওয়ার আগে তলানীতে ছিল তাদের অবস্থান। মায়ামি তখন এমএলএস কাপ জয়ের দৌড়ে ধারে-কাছেও ছিল না। তবে মেসি আর একঝাঁক অভিজ্ঞ আর তারুণ্যের মিশ্রণে গড়া মায়ামি দল শেষ পর্যন্ত নিজেদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জেতে।
এমএলএস কাপের প্লে-অফে মেসি করেছেন ৬টি গোল এবং ৯টি অ্যাসিস্ট। গত ৬ ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনালে হাভিয়ার মাচেরানোর দল ৩-১ গোলে হারায়ভ্যাংকুভার হোয়াইটক্যাপসকে। শিরোপার মঞ্চে সতীর্থদের দিয়ে দু’টি গোল করান মেসি।
বর্নাঢ্য ক্যারিয়ারে বহু ব্যাক্তিগত ট্রফি জেতা ক্যারিয়ারে মেসির সাফল্যের ডানায় যুক্ত হলো আরেকটি পলক। ৮টি ব্যালন ডি’অর, ৮টি পিচিচি ট্রফি, ৬টি লা লিগা সেরা খেলোয়াড়, ৩টি ফিফা বেস্ট ম্যানস প্লেয়ার, ৩টি ইউয়েফার বর্ষসেরার পুরষ্কার, ২টি বিশ্বকাপ গোল্ডেন বল, এবং ১৫ বার আর্জেন্টিনার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া।
জাতীয় দল আর ক্লাবের হয়ে মেসি জিতেছেন ৪৮টি ট্রফি। আরেকটি বিশ্বকাপ জিতে ট্রফির হাফ সেঞ্চুরি করার দারুণ এক কীর্তির সামনে আছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।


























