মেসির ভারত সফরের মূল আয়োজক পুলিশি হেফাজতে
- আপডেট সময় : ০৯:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
ভারতের কলকাতায় লিওনেল মেসির ভক্তদের জন্য দিনটা অন্যভাবে স্বরণীয় হয়ে থাকার কথা ছিল। তর্কাতিতভাবে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে এক নজর দেখলেই হয়তো মনের স্বাদ মেটত তাদের। তবে মেসিকে দেখা তো দূরে থাক, উল্টো চরম অব্যবস্থপনার স্বাক্ষী হয়ে একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়েছে মেসিপ্রেমীদের। বিশৃঙ্খলার জেরে আটক করা হয়েছে ‘জিওএটি (গোট) ইন্ডিয়া ট্যুর- ২০২৫’-এর মূল উদ্যেক্তা শতদ্রু দত্তকে।
ভারত সফরে আর্জেন্টাইন মহাতারকা কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লিতে যাওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, শনিবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলার কথা বিশ্বজয়ী তারকার। এরপর রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি চ্যারিটেবল ফ্যাশন শো ও সেলিব্রেটি ম্যাচে অংশ নেওয়ার কথা। সফরের শেষ ধাপে সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মেসির সৌজন্য সাক্ষাতের বিষয়টিও নির্ধারিত ছিল।
তবে পুরো আয়োজনের নেপথ্যে থাকা প্রতিষ্ঠান ‘এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’-এর কর্ণধার শতদ্রু দত্ত এখন পুলিশি হেফাজতে। মূল আয়োজক গ্রেপ্তার হওয়ায় বাকি ভেন্যুগুলোর ব্যবস্থাপনা এবং মেসির নিরাপত্তা প্রটোকল কে সামলাবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এখন পর্যন্ত আয়োজক সংস্থার পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। ফলে কলকাতা পর্বের তিক্ত অভিজ্ঞতার পর মেসির ভারত সফরের বাকি অংশ বাতিল হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনার শিকার হয়েছেন গ্যালারিভর্তি দর্শক। মেসিকে ঠিক মতো দেখতেই পাননি কলকাতার ফুটবলপ্রেমীরা। এতে ক্ষুব্ধ হয়ে তারা স্টেডিয়ামে ভাঙচুর করেন।
কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম বলেছেন, ‘এফআইআর দায়ের করা হচ্ছে, এক্ষেত্রে কোন ধারা দেওয়া হবে তা আমরা বিবেচনা করছি। বিশৃঙ্খলার ঘটনা সল্ট লেকে সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারা দায়ী তা চিহ্নিত করতে কাজ চলছে। এতে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে ইতোমধ্যে।’
এর আগে চরম অব্যবস্থাপনার জন্য মেসির কাছে ক্ষমা চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্সে দেওয়া তিনি লিখেছেন, ‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমীর সঙ্গে প্রিয় ফুটবলার মেসিকে দেখতে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলাম।’
মেসির কাছে ক্ষমা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’


























