যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে মৃত্যু বেড়ে ৩৪
- আপডেট সময় : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ৪২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড় ও মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। দেশটিতে এখনও বিদ্যুৎহীন দুই লাখের মতো মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক রাজ্যের বাফেলো এলাকা। মন্টানা অঙ্গরাজ্যের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। সাড়ে ৫ কোটি মার্কিনী নাগরিককে রাখা হয়েছে জরুরি সতর্কতার আওতায়। এবারের ঝড় বাফেলোর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি সোমবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর ও শুধু এখানেই মারা গেছেন সাতজন। ঝড়ের প্রভাবে বাফেলোর বেশকিছু জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বাফেলোতে আট ফুট (২.৪ মিটার) তুষারপাত হয়েছে। এতে বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে হুমকির মুখে ফেলেছে। খুব বিপজ্জনক জীবন-হুমকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে বাফেলোর বাসিন্দারা। এলাকার যে কাউকে বাড়ি থেকে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২২ এর ঝড়ের ভয়াবহতা ১৯৭৭ সালের তুষারঝড়কেও অতিক্রম করেছে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনব্যাপী এ তুষারঝড় চলছে।
অন্যদিকে কানাডার কিউবেক এবং ওন্টারিওর মানুষের জনজীবনের ওপরও প্রভাব ফেলেছে এ ঝড়। রোববার কিউবেকের ১২ হাজার গ্রাহকের ঘরে ছিল না বিদ্যুৎ। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে।




















