সামরিক অভিযানে নিহত মেক্সিকোর মাদক সম্রাট এল মেঞ্চো
- আপডেট সময় : ১২:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মাদক সম্রাট এল মেঞ্চোকে এক সামরিক অভিযানে খতম করা হয়েছে মেক্সিকোতে। আর সেই অভিযানের পরই মেক্সিকোর রাস্তায় বিশৃঙ্খলা ও হিংসা ছড়িয়ে পড়েছে। দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী মাদক চোরাচালানকারী দলের নেতা ছিল এল মেঞ্চো। তার মৃত্যুতে মেক্সিকোর অনেক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
উল্লেখ্য, এল মেঞ্চো নামে পরিচিত ওসেগুয়েরা সারভান্তেসকে বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর মাদক মাফিয়া হিসাবে বিবেচনা করা হত। নিউ জেনারেশন কার্টেল নামে অপরাধী সংগঠন চালাত সে।
প্রতিবেদন অনুসারে, এল মেঞ্চোর মৃত্যুর পরে অপরাধী গোষ্ঠীগুলি মেক্সিকোর প্রায় ১২টি রাজ্যে রাস্তা অবরোধ করেছে। অনেক জায়গায় অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। জালিসকোর রাজধানী গুয়াদালাজারার স্কুলগুলি ২৩ ফেব্রুয়ারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু মেক্সিকো নয়, এল মেঞ্চো মাদক পাচার করত দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ এবং আফ্রিকার নানা দেশে।
১৯৯৪ সালে আমেরিকায় মাদক বিক্রি করার মামলায় ধরা পড়েছিল সে। তারপর জেল খাটতে হয়েছিল। পরে তাকে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছিল। এরপর দেশে ফিরে দীর্ঘদিন মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল এল মেঞ্চো। পরে ২০০৯ সালে নিজের দল গঠন করে সে। এল মেঞ্চোর বিরুদ্ধে আমেরিকায় বহু মামলা রয়েছে।

























