সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
- আপডেট সময় : ০৯:১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর দপ্তর থেকে এই রদবদল সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নতুন আদেশ অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি এর আগে আর্টডকের জিওসি হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন।
এছাড়া, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আর ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব প্রদান করা হয়েছে।






















