খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার পর এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকটসহ নানা বিপর্যয় ধেয়ে আসছে। এজন্য অপচয় রোধ করে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। সকালে বিশ্ব খাদ্য দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিকাজে আধুনিক যন্ত্রের ব্যবহার ও গবেষণার ওপর জোর দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন। এই প্রতিপাদ্য নিয়ে এবছর উদযাপন হলো বিশ্ব খাদ্য দিবস। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে খাদ্যমন্ত্রণালয়। গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে স্বাধীনতার পর পরই নানা উদ্যোগ গ্রহণ করেন জাতির পিতা। কিন্তু পরবর্তি সামরিক সরকারের আমলে দেশ খাদ্যে আমদানী নির্ভর হয়ে পড়ে।
প্রধানমন্ত্রী বলেন, সবার নিরাপদ খাদ্য নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। সেজন্য পুষ্টিগুন নিশ্চিত করা ও ভেজাল বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিয়ে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য এখন থেকেই সতর্ক হতে হবে। বাড়ির আনাচে কানাচে বিভিন্ন ফসল উৎপাদন করতে বলেন সরকার প্রধান।
বারো মাসি ফসল উৎপাদনের ধারা অব্যাহত রাখতে গবেষণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কৃষি গবেষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




















