লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন; পুড়েছে পুরানো ফরম
- আপডেট সময় : ০১:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসের নিচ তলায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও নাইটগার্ডদের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নির্বাচন অফিসের নিচ তলায় আগুন দেয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরা এক যুবক নির্বাচন অফিসের গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোররুমের ভেতর থেকে আগুনের রশ্মি দেখা যায়। এরপর ওই যুবক আবার গেট টপকে পালিয়ে যায়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত যুবকটি জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন লাগায়। সে সময় অফিসের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আভাস পেয়ে তিনি চিৎকার করলে যুবকটি পালিয়ে যায়।
আগুনে অফিসের ২০০৮ ও ২০০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়। এছাড়া আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়েছে। তবে দ্রুত ঘটনাটি নজরে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, নির্বাচন কার্যালয়গুলোতে সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
























