তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী
- আপডেট সময় : ০২:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে এ বি এম আব্দুস সাত্তারকে। আজ (শনিবার, ৩ জানুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এছাড়া ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, বি এম আব্দুস সাত্তার এর আগে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ গত বছরের অক্টোবরে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবেও মনোনীত হয়েছেন তিনি।
এ বি এম আব্দুস সাত্তার বর্তমানে রূপালী ব্যাংক পিএলসির বোর্ড অব ডিরেক্টর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটিসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই সাবেক সচিব। এর আগে, দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
নিয়োগ পাওয়া প্রেস সচিব সালেহ শিবলী দীর্ঘ সময় ধরে দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। এরপর তিনি দৈনিক মানব জমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
আরও পড়ুন: তাসনিম জারার মনোনয়ন বাতিল
সালেহ শিবলী বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রীজে একাধিক নিবন্ধ প্রকাশ করেছেন। প্রবাস জীবনে লন্ডনের বাংলাভাষী টেলিভিশন চ্যানেল এস এ-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিবলী গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি এন্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন রেসিডেন্ট ফেলো হিসেবেও কাজ করছেন।




















