৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান
- আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগষ্টের আগে আমরা ফিরে যেতে চাই না, আগষ্টের পূর্বে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। আজ (শনিবার, ১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেলা সোয়া ১১টায় বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই তারেক রহমান বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান দেশের মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলাপ-আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখাই সময়ের দাবি।
তিনি বলেন, অতীতে বিভেদের রাজনীতি জাতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তার অভিজ্ঞতা সবার জানা। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় তিনি গেছেন জানিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে অনেক প্রত্যাশা। সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে আমরা জাতিকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারব।’
নারীদের নিরাপত্তার বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘শুধু নারী নয়; নারী–পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। গত বছর সম্ভবত সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক লাগে। কিন্তু ঘটনা ঘটছে—কোনো বছর কম, কোনো বছর বেশি। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা কেন ঘটছে? এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা করা উচিত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা। সম্পাদকদের মধ্যে ছিলেন- শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর শাহিদুল আহসান, জহিরুল আলম, সাংবাদিক নেতা এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিন প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান।























পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী