একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ: বিদ্যুৎমন্ত্রী
- আপডেট সময় : ১২:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ। তিনি বলেন, ‘সেদিনই ভিত্তি স্থাপন করা হয়েছিল যে, এ বাংলাদেশ একদিন স্বাধীন স্বত্বা হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সে লড়াই একুশে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, ৭১ এ শেষ হয়েছে।’
আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তির সোপানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের প্রত্যেককে মাতৃভাষাকে সবার ওপরে রাখতে হবে, একুশে এটিই শিখায়।’
প্রথমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান শহিদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপিসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।























