নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ৪
- আপডেট সময় : ১২:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও নিউটনের লোকজনের মাঝে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

























