ফের পুলিশের পোশাক পরিবর্তনের উদ্যোগ, মন্ত্রণালয়ে চিঠি
- আপডেট সময় : ১১:৫১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের পোশাকের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে স্বাক্ষর করেন সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান। চিঠির বিষয় ছিল—বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন।
চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যমান ইউনিফর্মে শার্টের রং Deep Grey TC (Plain Fabric) ও প্যান্ট Dark Blue TC Drill, আর মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্ট Light Olive TC (Plain Fabric) ও প্যান্ট Dark Blue TC Drill ছিল। পরবর্তীতে এগুলো পরিবর্তন করে শার্ট Iron TC (Plain Fabric) ও প্যান্ট Coffee (Shale) TC Twill Fabric নির্ধারণ করা হলে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এতে বলা হয়, ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়ায় বিভিন্ন নমুনা ও রং পর্যালোচনা করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে নতুন রং প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়।
নতুন প্রস্তাব অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং Light Olive TC (Plain Fabric) রাখা হবে। এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ব্যতীত অন্যান্য ইউনিটের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে Deep Blue TC (Plain Fabric)। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং হবে TC Twill Khaki।
এই পরিবর্তন কার্যকর করতে Police Dress Rules, 2025-এর একাধিক ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে Rule 4-এর sub-rule (5), (6), (7), (8) এবং Rule 7-এর sub-rule (2) ও (3)-এর সংশ্লিষ্ট উপধারাগুলো।
চিঠিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ একটি খসড়া প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তা জারির জন্য অনুমোদন চাওয়া হয়েছে।
এছাড়া উল্লেখ করা হয়েছে, প্রাপ্যতার ভিত্তিতে ইউনিফর্ম সরবরাহ করা হয়ে থাকে, ফলে এই রং পরিবর্তনের কারণে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না।























পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী