প্রকাশের কয়েক ঘণ্টা পরই প্রাথমিকের বৃত্তির ফল স্থগিত
- আপডেট সময় : ০৯:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের কয়েক ঘণ্টা পরই স্থগিত করা হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তি ফলাফল প্রকাশ করা হয়। এর কিছুক্ষণ পরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়।
সফটওয়্যারে টেকনিক্যাল কোডিংয়ে ভুল হওয়ায় সার্বিক ফলাফলে সমস্যা তৈরি হয়েছে। এ কারণে ফলাফলটি আপাতত স্থগিত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। কর্মকর্তারা বলছেন, সারাদেশে পাঠানো সকল ফলাফল স্থগিত করে ডিপিই থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। তারা জানিয়েছেন, বিষয়টি সমাধানের জন্য অধিদপ্তর মহাপরিচালকের নেতৃত্বে একটা কমিটি বৈঠক করছেন। খুব শিগগিরই একটি সমাধান হয়ে যাবে।
করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছরের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।






















