বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট
- আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ চার মামলায় জামিনের রায়ে হাইকোর্ট বলেছেন, বয়স বিবেচনায় ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেওয়া হয়েছে।
বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিনের রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছেন। রোববার (১৫ মার্চ) ৭ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না খায়রুল হক।
এর আগে গত ৮ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে জামিন দেন হাইকোর্ট। ওইদিন তার আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
পরে ১২ মার্চ ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এ বিষয়ে আগামী ৩০ মার্চ শুনানি হতে পারে। এর ফলে ৪ মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়
পরবর্তীতে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয়। এরমধ্যে গত বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
তারও আগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন জনৈক নুরুল ইসলাম মোল্লা। এছাড়া গত বছরের ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদকও সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে একটি মামলা করে। গত রোববার এ মামলায়ও তাকে জামিন দেন আদালত।
এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। সবশেষ গত ৮ মার্চ জুলাই পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট।





















জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী