মহামারির প্রভাবে মানসিক স্বাস্থ্যের বিপর্যয়
- আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
জেলা-উপজেলায় মানসিক রোগের চিকিৎসা ব্যবস্থা নেই। দুই মাস আগে চার জেলার সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, পর্যায়ক্রমে সারা দেশে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মানসিক স্বাস্থ্যের ওপর মহামারির প্রভাব ইতোমধ্যে মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা, সংক্রমণভীতি, পরিবারের সদস্য হারানোর দুঃখ ও কষ্ট এসবের সঙ্গে যুক্ত হয়েছে উপার্জন ও চাকরি হারানোর ভয়।
করোনা মহামারিতে সারা বিশ্বেই বেড়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও এই সংকট প্রকট হয়েছে। বেড়েছে আত্মহত্যার প্রবণতাও।
পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এর মধ্যে একটি হলো, স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেনটাল হেলথ। দুই মাস আগে চাঁপাইনবাবগঞ্জ, বান্দরবান, সিলেট ও যশোরে শুরু হয়েছে পরীক্ষামূলক কার্যক্রম। কমিউনিটি ক্লিনিক, উপজেলা ও জেলা সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মানসিক রোগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সবশেষ স্বাস্থ্য জরিপে দেখা গেছে, মানসিক সমস্যায় ভুগছেন ১৮ ভাগ মানুষ। অথচ সারা দেশে মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্ট আছেন মাত্র ৮০০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবার মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প।
প্রকল্পের আওতায় নেত্রকোণা ও দিনাজপুরে চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সপ্তাহে দুই দিন ভিডিও কলের মাধ্যমে সেবা নিতে পারেন রোগীরা।

























