আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী
- আপডেট সময় : ০৩:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখনো ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার। রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে সহযোগিতা করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভারতের প্রাইভেট কোম্পানি আদানীর সঙ্গে যে চুক্তি করেছেন, তা দেশের স্বার্থে নয়, বরং ওই কোম্পানির স্বার্থে হয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য চুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রেও দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে। বিদেশি কোম্পানির সঙ্গে যে কোনো চুক্তি হবে, তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে দুর্বল করে তুলতে পারবে না। বিশেষ করে বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি ক্রমান্বয়ে বিদেশি অপারেটরের হাতে চলে যায়, তাহলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে।
তিনি বলেন, ড. ইউনূস সাহেবকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে, তার ফলে মানুষ অনেক ক্ষেত্রে হতাশ। সেই ধরনের চুক্তি দেশের জন্য ক্ষতিকর।
এসময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ও আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব আতিকুর রহমান রুমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দীর্ঘদিন না খেয়ে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছিলেন নদী ভাঙনে বাড়িঘর হারানো অসহায় বৃদ্ধ আব্দুল গনি ও মমতাজ। এ বিষয়ে স্থানীয় একটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তা দৃষ্টিগোচর হয় তারেক রহমানের। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সেখানে পাঠিয়ে পরিবারটির খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তা দিয়ে পরিবারটির দায়িত্ব গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় আজ ‘আমরা বিএনপি’ পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে নগদ অর্থ সহায়তা করেন।
বৃদ্ধ আব্দুল গনি বলেন, আমাদের দেখার মতো কেউ নেই। খুব কষ্টে না খেয়েও ছিলাম ৬-৭ দিন। আমাদের কষ্ট দেখে তারেক রহমান সাহায্য করেছে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা তারেক জিয়ার জন্য নামাজ পড়ে দোয়া করব।












বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই