একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা
- আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
গত কয়েক বছরের ধারাবাহিকতায় আবার নতুন এক টুর্নামেন্টে একই গ্রুপে পড়ছে ভারত ও পাকিস্তান। সামনের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাজানো গ্রুপিংয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশকে একই গ্রুপে রাখছে আইসিসি।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। তুলনামূলক সহজ গ্রুপেই আছে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের জন্য থাকছে কঠিন চ্যালেঞ্জ। দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গে থাকছে নেপাল ও ইতালি। প্রতিটি গ্রুপ থেকে সুপার এইটে উঠবে দুই দল। তাই নেপাল, ইতালির চ্যালেঞ্জ সামলে উইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে এক দলকেও টপকাতে হবে বাংলাদেশের।
এছাড়া আরেক ডেথ গ্রুপে পড়ছে আফগানিস্তান। তাদের সঙ্গী হবে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপ থেকে সুপার এইটে ওঠার লড়াইটাও হতে পারে বেশ রোমাঞ্চকর।
ভারত-পাকিস্তানের গ্রুপে অন্য তিন হবে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। তাই এই গ্রুপে ফেবারিট থাকবে ভারত আর পাকিস্তানই। তবে গত বছরের বিশ্বকাপে অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান।
আরেক স্বাগতিক শ্রীলঙ্কার গ্রুপে থাকবে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আগামী ২৫ নভেবর এই গ্রুপিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে আইসিসি।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হওয়ার কথা বিশ্বকাপের নতুন আসর। সব ঠিক থাকলে ১৫ ফেব্রুয়ারি হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচটি হবে কলম্বোতে।
সব মিলিয়ে ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যু- মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, ক্যান্ডি ও কলম্বোর দুই মাঠে হবে বিশ্বকাপের সব ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।













ফিফা কংগ্রেসে না থাকলেও বিশ্বকাপ খেলবে ইরান