গাড়ি কেনার টাকা ফেরৎ দিয়ে স্বাস্থ্যসেবায় ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ ২৬৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য গাড়ি কিনতে দেওয়া বরাদ্দ ফিরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই টাকা দেশের মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।
রবিবার এ তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ২০২১-২০২২ অর্থবছরে মোটরযান ক্রয় খাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুকূলে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মিতব্যয়িতার নতুন নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।
ইহসানুল করিম আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে, স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনার টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার (১২ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।













বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই