জুনিয়র বৃত্তির ফল প্রকাশ: কতজন বৃত্তি পেলেন
- আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধা বৃত্তি) নির্বাচিত হয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৫০০ জন। ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হবে।
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
জানা গেছে, এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় ট্যালেন্টপুল ৩৬২২, সাধারণ ৭৭৬২ (মোট ১১ হাজার ৩৮৪), রাজশাহী বোর্ডে ট্যালেন্টপুল ১৯১৭, সাধারণ ৪১১০ (মোট ৬ হাজার ২৭), কুমিল্লা বোর্ডে ট্যালেন্টপুল ১৬৭১, সাধারণ ৩৫৮১ (মোট ৫ হাজার ২৫২), যশোর বোর্ডে ট্যালেন্টপুল ১৬৫৬, সাধারণ ৩৫৪৯ (মোট ৫ হাজার ২০৫), চট্টগ্রাম বোর্ডে ট্যালেন্টপুল ১২২৭, সাধারণ ২৬৩০ (মোট ৩ হাজার ৮৫৭), সিলেট বোর্ডে ট্যালেন্টপুল ৯৬০, সাধারণ ২০৫৭ (মোট ৩ হাজার ১৭), বরিশাল বোর্ডে ট্যালেন্টপুল ৮৭০, সাধারণ ১৮৬৫ (মোট ২ হাজার ৭৩৫), দিনাজপুর বোর্ডে ট্যালেন্টপুল ১৮১০, সাধারণ ৩৮৮১ (মোট ৫ হাজার ৬৯১) এবং ময়মনসিংহ বোর্ডে ট্যালেন্টপুল ৯৬৭, সাধারণ ২০৬৫ (মোট ৩ হাজার ৩২) শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ৫ জানুয়ারি ২০২৬ তারিখে শেষ হয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়– এই পাঁচ বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে ১৪ হাজার ৭০০ জনকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হচ্ছে।
সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং এককালীন বাৎসরিক ৫৬০ টাকা অনুদান পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও এককালীন ৩৫০ টাকা অনুদান পাবে।
দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবে। এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ উল্লেখ করে ফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা। পাঁচটি বিষয়ে— কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান— প্রতিটি বিষয়ের পূর্ণমান ছিল ১০০ নম্বর; মোট নম্বর ৫০০।




















