দেশীয় সম্পদ আহরণ বাড়ালে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: জ্বালানিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশীয় সম্পদ আহরণ বাড়াতে পারলে জ্বালানি সংকটসহ নানা সমস্যার সমাধান সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত তিন মাসে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতেই বেশি মনোযোগ দিয়েছেন। তার মতে, জ্বালানি সংকটের পেছনে মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি, পাশাপাশি কিছু নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়াও এর জন্য দায়ী।
তিনি আরও বলেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে কৃত্রিম কারণ থাকতে পারে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দীর্ঘ লাইন আর নেই।
জ্বালানিমন্ত্রী বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াতে হবে। তিনি বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেছে, তাই প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন জরুরি।
দেশের খনিজ সম্পদ ব্যবহারের অগ্রগতিতে ধীরগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাথর ও কয়লা মজুদ থাকলেও তা যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ খাতকে শক্তভাবে পরিচালনা করতে হবে এবং নিয়মিত গবেষণার মাধ্যমে এগিয়ে নিতে হবে।
গবেষক আকৃষ্ট করা, ‘ব্রেইন ড্রেন’ রোধ এবং ভূতাত্ত্বিক ও খনিজ উত্তোলন খাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি এ খাতে কর্মরতদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।




















বিতর্ক ভালো কিন্তু অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না: মির্জা ফখরুল