দেশে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শুধু ঝড়ই নয়, আগামী কয়েকদিন ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ৯৬ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষভাবে সতর্ক করা হয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোকে। সেখানে ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হওয়ার প্রবণতা এখনও সক্রিয় রয়েছে। ফলে এই ধরনের ঝড়ো আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আজ সকাল থেকে বৃষ্টির কারণে কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। ফলে বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তিতে দিনের শুরু হয়েছে ঢাকাবাসীর।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি ও কালশীসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে কোথাও কোথাও ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে।
বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলছে। পাশাপাশি সকাল থেকে রাজধানীতে বৃষ্টির কারণে সাধারণ মানুষের উপস্থিতি এবং সড়কে গণপরিবহনের সংখ্যাও অনেকটা কম।















বিশ্ববাজারে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ