বয়সের ভারে অস্থির হয়ে উঠছেন ট্রাম্প!
- আপডেট সময় : ০২:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আচরণ আরও বেশি ‘অস্থির’ ও অনিয়মিত হয়ে উঠছে বলে মনে করছেন দেশটির অধিকাংশ নাগরিক। রয়টার্স ও ইপসোস-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
ছয় দিনব্যাপী এই জরিপে ৪ হাজার ৬৩৮ জন মার্কিন নাগরিক অংশ নেন। এর মধ্যে ৬১ শতাংশ উত্তরদাতাই ট্রাম্পের আচরণকে বয়সজনিত কারণে ‘অস্থির’ বলে আখ্যা দিয়েছেন। দলীয়ভাবে এই মতামতের পরিসংখ্যানে দেখা যায়, ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৬৪ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ৩০ শতাংশ রিপাবলিকান এই ধারণার সঙ্গে একমত পোষণ করেছেন।
তবে এই জরিপের ফলাফলকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল। তিনি দাবি করেন, ট্রাম্পের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, উদ্যম এবং জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা তাকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। এদিকে, সার্বিক জনপ্রিয়তায় ট্রাম্পের অবস্থানে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে ৪০ শতাংশ উত্তরদাতা তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকে সমর্থন জানিয়েছেন, যা চলতি মাসের শুরুর দিকের তুলনায় মাত্র দুই শতাংশ বেশি।
মার্কিন রাজনীতিতে জনপ্রতিনিধিদের বয়স নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক অসন্তোষের চিত্রও এই জরিপে স্পষ্ট হয়েছে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ মানুষ মনে করেন, ওয়াশিংটনের নির্বাচিত রাজনীতিকদের বয়স এতটাই বেশি যে তারা সাধারণ নাগরিকদের যথাযথ প্রতিনিধিত্ব করতে পারছেন না। প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে ৭৮ বছর বয়সে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প বয়সের দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শুল্ক আরোপ ও অবৈধ অভিবাসন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া এবং সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর মতো ঘটনাগুলো তার মানসিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সবশেষ এই ফেব্রুয়ারির জরিপে মাত্র ৪৫ শতাংশ উত্তরদাতা ট্রাম্পকে মানসিকভাবে তীক্ষ্ণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বলে মত দিয়েছেন, যা ২০২৩ সালের সেপ্টেম্বরে ছিল ৫৪ শতাংশ। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে সংশয় ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ে বড় ভূমিকা রাখলেও, আগামী জুনে ৮০ বছরে পা দিতে চলা ট্রাম্প নিজেও এখন ক্রমশ নাগরিকদের একই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। সূত্র: রয়টার্স


























