বৈঠক ভালো হয়েছে: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর জানিয়েছেন, আলোচনা অত্যন্ত সফল ও ইতিবাচক হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীরা সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি ‘আকসা’ (ACSA) এবং ‘জিসোমিয়া’ (GSOMIA) নিয়ে আলোচনার বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। কেবলমাত্র “বৈঠক ভালো হয়েছে” (The meeting was good) বলে তিনি মন্ত্রণালয় প্রাঙ্গণ ত্যাগ করেন।
সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ দিনভর ব্যস্ত সময় পার করবেন। দুপুরে ও বিকেলে তিনি পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে বসবেন। এ ছাড়া সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে। সফরের শেষ দিন বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার পর ইফতার মাহফিলে অংশ নেবেন।





















