লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১
- আপডেট সময় : ০১:০২:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দুই সপ্তাহ আগে ঘোষিত তথাকথিত ‘যুদ্ধবিরতি’ বারবার লঙ্ঘন করে এই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের নতুন দফা হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। এর মধ্যে নাবাতিহ জেলার শুকিন শহরে হামলায় ৩ জন এবং কাফার দাজাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হন। লওয়াইজাহ গ্রামে একটি বাড়িতে বিমান হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংঘাতে ২ মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৫৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৮ হাজার ১৮৩ জনের বেশি।
এদিকে, ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো যুদ্ধবিরতি কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। আল জাজিরার বৈরুত প্রতিনিধি ররি চ্যালেন্ডস জানিয়েছেন, এই যুদ্ধবিরতি এখন বাস্তবে কার্যকারিতা হারিয়ে কেবল একটি “কূটনৈতিক কাঠামো” হিসেবে টিকে আছে। তার মতে, দক্ষিণ লেবাননে সংঘাত থামেনি, বরং এর মাত্রা আরও বাড়ছে। চীনও একে “যুদ্ধবিরতি” না বলে “কম মাত্রার হামলা” হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে, হিজবুল্লাহও পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, তারা লেবানিজ ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ড্রোন ও গোলন্দাজ হামলা চালাচ্ছে। বিনত জবেইল ও হুলা এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে তারা। এসব পাল্টাপাল্টি সংঘাতে সম্প্রতি তিন ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।






















৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী