বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- আপডেট সময় : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স (A-319) আসছে না। তবে কাতার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এটাও জানানো হয়েছে, শেষ মুহূর্তে যদি ম্যানেজ করা সম্ভব হয়, তখন পরিবর্তন করে কাতার থেকে পাঠাবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ‘টপ প্রায়োরিটিতে’ রয়েছে। এর ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়ে গেল।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। আগামীকাল (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে। রোববার (৭ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারে।
এরপরই দুপুরে জানা গেলো, কাতার অন্য দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছেন। এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, এখন পর্যন্ত কাতার থেকে কোনো এয়ারলাইন্স বিমান নামার জন্য সিভিল অ্যাভিয়েশনের কাছে আবেদন করেনি।
গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেলেও গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির একটি সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান জুবাইদা। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হয়।
গতকাল খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চ্যুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন।
তিনি জানান, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ শাসনামলে দলের পক্ষ থেকে বারবার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার অনুমতি চাওয়া হলেও শেখ হাসিনা সরকার সে অনুরোধ রাখেনি।




















