খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
- আপডেট সময় : ০৫:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এখন টিভিকে জানিয়েছে, কাতার আমিরের আয়োজনে আগামীকাল (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয়।
এদিকে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেছিলেন বিএনপি চেয়ারপারসন। তখনও তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধূ জুবাইদা।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনে।




















