আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক: শোয়েব আখতার
- আপডেট সময় : ০৮:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের পেস বিভাগের অন্যতম নেতা তাসকিন আহমেদ। দুর্দান্ত গতি ও নিয়ন্ত্রিত বোলিংয়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবার তাসকিনের কাছে আরও বড় প্রত্যাশার কথা জানালেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১২তম আসর। এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন শোয়েব আখতার। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চুক্তিসাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিসাক্ষর অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে শোয়েব বলেন, এবারের বিপিএলে তিনি তাসকিন আহমেদের কাছ থেকে সর্বোচ্চ গতির ডেলিভারি দেখতে চান।
২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েন শোয়েব আখতার। দীর্ঘদিন ধরে অক্ষুণ্ণ থাকা সেই রেকর্ড এবার তাসকিনের মাধ্যমে ভাঙার প্রত্যাশা প্রকাশ করেন তিনি। শোয়েব বলেন, “আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।”
দুই দিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন শোয়েব আখতার। বিপিএল শুরু হলে তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন। এ সফরে বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতির কথাও জানান তিনি।
শোয়েব বলেন, “আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। অনেক দিন ধরেই এখানে আসতে চাচ্ছিলাম। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা সবাই জানে, আর বাংলাদেশ যে আমাকে কতটা ভালোবাসে সেটাও আমি সারা জীবন দেখেছি। এখানে এসে আমি সত্যিই আনন্দিত।”






















