ঢাকাকে স্রেফ উড়িয়ে দিল চট্টগ্রাম রয়্যালস
- আপডেট সময় : ১১:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
শরিফুল ইসলামের আগুনঝরা পেস আর তানভীর ইসলামের নিখুঁত ঘূর্ণিতে ম্যাচের ভাগ্য তখনই হেলে পড়ে। ব্যাট হাতে বাকি কাজটা সেরে দেন মোহাম্মদ নাইম ও অ্যাডাম রশিংটন। দুই ওপেনারের অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটিতে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিতে কোনো বেগই পেতে হয়নি চট্টগ্রাম রয়্যালসের।
বিপিএলের দ্বাদশ আসরে এটি ছিল চট্টগ্রামের তৃতীয় ম্যাচ। আসরের শুরুতে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হোঁচট খায় বন্দরনগরীর দলটি। তবে তৃতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্সে আবারও জয়ের ধারায় ফেরে তারা।
তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে থাকা চট্টগ্রাম রয়্যালস। শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্তদের দলটি চার ম্যাচে তিনটি জয় পেয়েছে, যদিও একটি ম্যাচ বেশি খেলেছে তারা।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকার ইনিংসটা যেন ছিল ক্রিজে আসা–যাওয়ার মিছিল। নির্ধারিত ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই, দুই বল বাকি থাকতে ১২২ রানেই গুটিয়ে যায় রাজধানীর দল। জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার অ্যাডাম রশিংটন।
মোট পাঁচটি ডিসমিসালে সরাসরি জড়িত ছিলেন—একটি রানআউট ও চারটি স্ট্যাম্পিং। চারটি স্ট্যাম্পিং করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের বিশ্বরেকর্ডে যৌথভাবে নিজের নাম লেখান রশিংটন।
রশিংটনের আগে এক ম্যাচে চারটি স্ট্যাম্পিং করেছিলেন আরও ছয়জন উইকেটরক্ষক। এবার সেই তালিকায় যুক্ত হলো চট্টগ্রাম রয়্যালসের নামও।
বল হাতে শুরুতেই ঢাকার ব্যাটারদের নাকাল করে দেন শরিফুল ইসলাম। তীব্র শীত উপেক্ষা করে ধারাবাহিক গতিতে আগুন ঝরান এই বাঁহাতি পেসার। তার সঙ্গে সমান তালে ঘূর্ণি জাদু দেখান তানভীর ইসলাম। দুজনে মিলে শিকার করেন ছয়টি উইকেট। সঙ্গে ছিল মেহেদি হাসানের নিয়ন্ত্রিত বোলিং। শেষ পর্যন্ত ১২২ রানেই থামে ঢাকার ইনিংস।
জবাবে নেমে একেবারেই কোনো সুযোগ দেয়নি চট্টগ্রাম। মাত্র ১২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। মোহাম্মদ নাইমের ৪০ বলে ৫৪ আর অ্যাডাম রশিংটনের ৩৬ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসে সহজ ও দাপুটে জয় নিশ্চিত করে বন্দরনগরীর দলটি।
























