কারানের হ্যাটট্রিক, রশিদের ঘূর্ণিতে ইংল্যান্ডের জয়
- আপডেট সময় : ০১:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএস পদ্ধতিতে ১১ রানে হারাল ইংল্যান্ড। পাল্লেকেলেতে শুক্রবার বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৩ রানে অলআউট করে ইংলিশরা।
পরে তারা ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করার পর আবার নামে বৃষ্টি। পরে আর খেলা শুরু করা না গেলে জয়ী ঘোষণা করা হয় সফরকারীদের।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। দলের জয়ের বড় কারিগর আদিল রশিদ। চমৎকার বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার।
তবে নিজের শেষ ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক করে আলো কেড়ে নেন স্যাম কারান। শ্রীলঙ্কার ১৬তম ওভারের শেষ তিন বলে বাঁহাতি পেসারের বলে আউট হন দাসুন শানাকা, মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কারান। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ক্রিস জর্ডান।
অথচ টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ছিল দারুণ। প্রথম ৮ ওভারে তারা করে ফেলে ৭৯ রান। এরপর খেই হারিয়ে আর বেশি দূর যেতে পারেনি স্বাগতিকরা।
দলের পক্ষে ৪ চার ও ২ ছক্কায় ২০ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন তিন নম্বরে নামা কুসাল মেন্ডিস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড। ফলে বৃষ্টি নামলেও ডিএলএস পদ্ধতিতে বেশ ভালো ব্যবধানেই এগিয়ে থাকে তারা।
ফিল সল্টের ব্যাট থেকে আসে ম্যাচের সর্বোচ্চ ৪৬ রান। এছাড়া টম ব্যান্টন ১৫ বলে করেন ২৯ রান।
একই মাঠে রোববার সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল।














