সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
আজ (শনিবার, ৩১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকায় স্থাপিত বিভিন্ন নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
কর্নেল এস এম আবুল এহসান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এ প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, ঝুঁকি বিবেচনায় সারা দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।
তিনি আরও জানান, এবারই প্রথমবারের মতো তল্লাশি কার্যক্রমে বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াড ব্যবহার করবে বিজিবি। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স, পাশাপাশি প্রয়োজন হলে আকাশপথে সহায়তার জন্য হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরেন এই কর্মকর্তা। তিনি বলেন, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করবেন।
জানা যায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে, যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।





















জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী