জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া, পাম্প বন্ধ রাখার অভিযোগ
- আপডেট সময় : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করেছে সরকার। বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম। এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতাদের মাঝে। দাম বৃদ্ধির খবর আসায় মধ্যরাত থেকেই কোনো কোনো পাম্প বন্ধ রাখারও অভিযোগ ওঠে।
ফিলিং স্টেশনে সামনে এমন উত্তেজনা নিত্যদিনের চিত্র হলেও, আসাদ গেইটে সোনার বাংলা পাম্পে এই দৃশ্য ভিন্ন কারণে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা উত্তেজিত চালকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে পরিস্থিতি সামাল দিতে পাম্পে দেখা যায় অতিরিক্ত পুলিশ। এসময় পাম্পের এক কর্মচারী জানান, ২৪ ঘণ্টা তেল সরবরাহ করা হলেও বর্তমান জ্বালানি সঙ্কটের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে অভিযোগ, তেল থাকার পরও কর্তৃপক্ষ অতি মুনাফার কারণে পাম্প বন্ধ রেখেছে।
চালকরা জানান, ৮ থেকে ১০ ঘণ্টা এখানে দাঁড়িয়ে থাকার পর হুট করে তেলের দাম বেড়েছে আর পাম্প বন্ধ করে দিয়েছে।
এদিকে, রাজধানীর মতিঝিল থেকে শুরু করে আরামবাগ, রাজারবাগসহ বেশিরভাগ পাম্পই বন্ধ দেখা যায়। এর মধ্যে দুই একটি পাম্পে আবার তেল সরবরাহ করতে দেখা যায়। কর্তৃপক্ষ জানান ১২ টার পর থেকেই তারা নতুন দামে তেল দিচ্ছেন ক্রেতাদের। তবে নতুন দামে দিলেও বাইকের ফুয়েল পাস দেখেই দেয়া হয় জ্বালানি।
পাম্প কর্তৃপক্ষ জানান, তেল যখন থাকে তখন আমরা দিতে পারি। এখন নেই তাহলে কোথা থেকে দিব?
শনিবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেল বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। রোববার থেকে অকটেনে ২০ টাকা বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রলে ১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকা। এছাড়া ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা। এছাড়া লিটার প্রতি ১৮টাকা দাম বেড়েছে কেরোসিনেরও। জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিলো ভোক্তাদের মাঝে।
ভোক্তারা জানান, তেলের দাম বাড়ার কারণে এখন ভোগান্তি আরও বেড়ে গেছে।
এর আগে মধ্যপ্রাচ্যে সংঘাতের পর থেকেই ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছিলো সরকার। অবশেষে বিশ্ব বাজারের সাথে সমন্বয় করতে দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানায় জ্বালানি মন্ত্রণালয়।




















সৌদি আরবে পৌঁছালেন ৭ হাজার ৬৩৪ বাংলাদেশি হজযাত্রী