পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের সাজার ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১২:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনের কলঙ্কময় দিন। দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার চক্রান্ত হয়েছিল।
বিএনপির এই মহাসচিব আরও বলেন, বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সুযোগ পেয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে।
পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে দুই দিন ধরে চলা বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জাতি হারায় ৫৭ সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন। পিলখানার ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে রচিত হয় নিমর্মতার এক কালো অধ্যায়।
দিনটি উপলক্ষে আজ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন করা হচ্ছে গত বছর থেকে। দিনটি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হচ্ছে।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।




















