প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতে ইসলামীর
- আপডেট সময় : ০২:৫৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র তুলে দেয় দলটির একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের এই দাওয়াত গ্রহণ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, রাজনীতির সব বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জামায়াত নেতারা জানান, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে, তবে অতীতের মতো রাজনীতিতে কোনো অপসংস্কৃতি বা খারাপ চর্চা আর কাম্য নয়। দলটির নেতারা আরও বলেন, বর্তমান সরকারকে মূল্যায়নের সময় এখনো আসেনি এবং পুরো জাতি ভালো কিছুর অপেক্ষায় রয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে চমৎকার সমন্বয় এবং সংহতির মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।























