ইরান যুদ্ধের এক মাস, কোথায় কত নিহত
- আপডেট সময় : ০১:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার পর শুরু হওয়া যুদ্ধ শনিবার (২৮ মার্চ) এক মাস পূর্ণ করেছে। তবে এ যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। একইসঙ্গে মিত্র কিছু দেশ ছাড়া সব দেশের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে দেশটি।
তবে, ইরানের সামরিক, বেসামরিক স্থাপনা, শীর্ষ নেতৃত্ব এবং লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব-ওয়াশিংটন। এসব হামলা ও পাল্টা হামলায় পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঘরবাড়ি হারিয়ে পথে বসেছে হাজারো পরিবার।
শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ এক হৃদয়বিদারক তথ্য জানান। তিনি বলেন, ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছিলেন চিকিৎসাকর্মীরা। উদ্ধার তৎপরতা চালানোর সময় অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারের সদস্যদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৭ জনে। আর প্রতিবেশী লেবাননে ইসরায়েলের আগ্রাসনে ২ মার্চ থেকে ১২২ শিশুসহ নিহত হয়েছেন ১ হাজার ১১৬ জন।
এছাড়াও ইরান যুদ্ধে ইরাকে ৯৬ জন, সিরিয়ায় ৪ জন, কুয়েতে ৬ জন, বাহরাইনে ৩ জন, সৌদি আরবে ২ জন, সংযুক্ত আরব আমিরাতে ১১ জন এবং ওমানে ৩ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক। এ এক মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষেপণাস্ত্র হামলা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ ছাড়া লেবানন সীমান্তসহ বিভিন্ন স্থানে ৪ সেনাসহ ১৯ ইসরায়েলি নিহত হয়েছেন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত ইরানের হামলায় ১৩ জন মার্কিন সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন। সূত্র: আল জাজিরা
























গৃহকর্মী থেকে এবার পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী