কান্নায় মাঠ ছাড়লেন রোমেরো, শঙ্কায় আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ
- আপডেট সময় : ১২:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের কাছে হারের ম্যাচে দুশ্চিন্তার খবর পেল টটেনহ্যাম। যা একইসঙ্গে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্যও বড় শঙ্কার। ম্যাচ চলাকালীন চোট পেয়ে কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
প্রতিপক্ষের মাঠে রোববারের ম্যাচে দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে ধাক্কা লেগে ব্যথা পান টটেনহ্যামের এই সেন্টার ব্যাক। এরপরই খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
যদিও স্ট্রেচারের প্রয়োজন পড়েনি, তবুও সাইডলাইনের দিকে হাঁটার সময় স্পষ্টই ভেঙে পড়তে দেখা যায় তাকে। সতীর্থরাও পাশে এসে সান্ত্বনা দেন।
চোটের ধরন এখনও নিশ্চিত নয়, তবে ম্যাচের সময়কাল বিবেচনায় বিষয়টি বাড়তি উদ্বেগ তৈরি করেছে আর্জেন্টিনা জাতীয় দলের জন্যও। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে রোমেরোর এই চোট আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্যও বড় চিন্তার কারণ।
রোমেরোর সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেলেও কিনস্কি ব্যান্ডেজ বেঁধেই খেলা চালিয়ে যান। নতুন স্পার্স কোচ রবার্তো দে জার্বি ম্যাচ শেষে রোমেরোর অবস্থা জানান।
“রোমেরোর চোটটা খারাপই মনে হচ্ছে। তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয়। সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”
এই হারের ফলে পয়েন্ট টেবিলে বিপদ আরও বাড়ল টটেনহ্যামের। ১৮তম স্থানে থাকা দলটি রেলিগেশন জোনেই রয়েছে। তবে ১৭তম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের থেকে দুই পয়েন্ট পিছিয়ে। হাতে বাকি আর মাত্র ৬টি ম্যাচ।
আগামী ১৬ জুন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভেন্যু কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম। রোমেরোর বর্তমান অবস্থা এখন টটেনহ্যাম ও আর্জেন্টিনা- দুই দলের কাছেই বড় দুশ্চিন্তার কারণ।



























সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়