আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা কার্যক্রম সহজ করবে ভারত
- আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সে আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা চালুর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠকের পর সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক মানসিকতা থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে হস্তান্তরের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মূলত দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলো ইতিবাচকভাবে সমাধানের লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ভারতকে বার্তা দেয়া হয়েছে। হুমায়ূন কবির বলেন, ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। তাদের আর বাংলাদেশে গুরুত্ব নেই। শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে এগোনো হবে।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার দায়ে অভিযুক্ত দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্কভুক্ত দেশগুলোতেও প্রথম সফর হতে পারে। তবে এখনও কিছু ফাইনাল হয়নি, তবে ব্যাপারটি বিবেচনাধীন আছে।’
বর্তমান সরকার সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে উল্লেখ করে তিনি যোগ করেন, ‘দেশের মানুষ নির্বাচিত সরকারের পক্ষে আছে, তাই বড় গলায় কথা বলতে পারি। দেশকে বিক্রি করে বিএনপি সরকার কিছুই করবে না।’





















সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়