সংসদে গণমুখী ভূমিকা রাখার আহ্বান বিরোধীদলীয় নেতার
- আপডেট সময় : ১১:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে কার্যকর ও গণমুখী ভূমিকা পালনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭ জন সংসদ সদস্যকে (এমপি) নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা শেষ হয়েছে।
শনিবার (৬ জুন) রাজধানীর ‘আল-ফালাহ মিলনায়তনে’ সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে এই কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।
দলের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে শুক্র ও শনিবার (৫ ও ৬ জুন) ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার বিভিন্ন সেশনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তারা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতি-নির্ধারকগণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষ সেশনগুলোতে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাতীয় বাজেটের চুলচেরা বিশ্লেষণ করে সংসদে কীভাবে জন দাবিগুলো যৌক্তিকভাবে তুলে ধরতে হবে, সে বিষয়ে বিশেষজ্ঞরা সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা দেন।
সমাপনী অধিবেশনে দেশ, জাতি ও জনগণের কল্যাণে মহান জাতীয় সংসদে সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারী সংসদ সদস্যরা।





















বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল