ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের
- আপডেট সময় : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণে কারচুপি, সরকারি দলের প্রভাব বিস্তার, রেজাল্ট ছিনতাইয়ের শঙ্কা প্রমাণ হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবুও জাতীয় নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া নেতা মসিউর রহমান রাঙ্গা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে তারা অবান্তর কথা বলছে। এসব নিয়ে মতামত দেওয়াও আমি ঠিক মনে করি না। এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। তাই এসব গুরুত্ব দিয়ে দেখছি না।
জিএম কাদের বলেন, বিএনপি’র সাথে জাতীয় পার্টির জোটের বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। নির্বাচনের কাছাকাছি সময় পরিস্থিতি দেখে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের পরামর্শে বিএনপি’র সাথে জোট বাধার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে কাজ করে যাচ্ছি।


























