পদ্মা সেতু অপমানের প্রতিশোধ: কাদের
- আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু অপমানের প্রতিশোধ। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাথানত করেননি। সব চক্রান্ত অতিক্রম করে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।
আজ শনিবার (২৫শে জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘গোটা জাতি আজকে আপনাকে স্যালুট করে। সারাবিশ্বে আজকে আপনি প্রশংসিত। আপনি প্রমাণ করেছেন আমরাও পারি, আপনি বলেছেন, নিজের টাকায় করবো। প্রমাণ করেছেন, নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। মাথা নত করেনি বঙ্গবন্ধু কন্যা। কি দুসসময়, কঠিন সময়, দেশে বিদেশে চক্রান্ত সব উপেক্ষা করে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।’
ওবায়দুল কাদের বলেছেন, যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন শেখ হাসিনার নাম অহংকারের সঙ্গে উচ্চারিত হবে। কেন পদ্মা সেতুর সঙ্গে তাঁর নাম থাকবে না সেটাই ছিল সবার দাবি। কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। কাগজের লেখা নাম ছিঁড়ে যাবা, ব্যানারে লেখা নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখা নাম মুছে যাবে, কিন্তু হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। যতদিন পদ্মা সেতু থাকবে সম্মানের সঙ্গে শেখ হাসিনার নামটি উচ্চারিত হবে।




















