প্রশ্নপত্র তৈরিতে প্রশিক্ষণ না থাকাতেই এত ভুল
- আপডেট সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
গত ছয় বছর প্রশ্নপত্র তৈরির ওপর শিক্ষকদের কোন প্রশিক্ষণ দেওয়া হয়নি। যে কারণে এইচএসসি পরীক্ষার প্রশ্নে এত বেশি ভুল হয়েছে বলে জানান শিক্ষা সংশ্লিষ্টরা।
বোর্ড বলছে, ভুল প্রশ্নকারীদের দুর্বলতা ধরা পড়েছে। সে অনুযায়ী শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ঢাকা শিক্ষাবোর্ডের বাংলা ১ম পত্রে একটি সাম্প্রদায়িক প্রশ্ন করা হয়েছে। গত বছরের প্রশ্নে পরীক্ষা নেওয়ায় কারিগরি শিক্ষাবোর্ডের বিএমপি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বাংলা ১ম পত্রের ৪০টি প্রশ্নে ৪১টি বানান ভুল হয়েছে।
গবেষকরা বলছেন, সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার এত বছর পরও বেশিরভাগ শিক্ষক প্রশ্ন তৈরি করতে পারেন না। যার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান বলেন, প্রশ্নপত্র তৈরিতে দায়িত্বপ্রাপ্তদের দক্ষতার জায়গায় ঘাটতি রয়ে গেছে।
২০১০ সাল থেকে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হচ্ছে। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত শিক্ষকদের প্রশ্নপত্র তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর আর কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি।
বাংলাদেশ এক্সামিনেশন ডেভলপমেন্ট ইউনিটের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল করিম চৌধুরী বলছেন, প্রশ্নপত্র তৈরির প্রশিক্ষণ থেকে যারা অনেকদিন দূরে আছেন। তাদের প্রশিক্ষণের আওতায় আনা দরকার। প্রতি বছর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হলে প্রশ্নপত্রে ভুল কমে আসবে।
এসব প্রশ্নের ভুলে বিব্রত শিক্ষাবোর্ডও। প্রশ্নকারী ও মর্ডারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বোর্ড জানায়, ভুল ঠেকাতে শিগগিরই শুরু হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা যদি শিক্ষকদের আরও বেশি প্রশিক্ষণ ও নির্দেশনা দেই এবং প্রশ্ন তৈরির সময় আরও বেশি তদারকি করি, তাহলে প্রশ্নপত্র তৈরিতে ভুলের প্রবণতা কমে আসবে।
পরীক্ষা সংক্রান্ত কাজে শিক্ষক নির্বাচন পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে বোর্ড।
























দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার