শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর নতুন করে ভর্তি ফি নেওয়া যাবে না আদালতের এমন সুস্পষ্ট আদেশ রয়েছে। এ নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ভিন্ন কোনো উপায়ে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের চেষ্টা করে এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে শিক্ষা মন্ত্রণালয় বিন্দুমাত্র ছাড় না দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। এ নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, ইতোমধ্যে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি বা সেশন ফি আদায় করা যাবে না।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এমপিওভুক্তি এবং রাজধানীর সরকারি সাত কলেজের বিষয়েও কথা বলেন। এমপিও প্রসঙ্গে তিনি জানান, এর আগে তড়িঘড়ি করে যেসব যাচাই-বাছাই করা হয়েছিল, মন্ত্রণালয় সেগুলো নতুন করে খতিয়ে দেখবে এবং যথাযথ পর্যালোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে সাত কলেজ নিয়ে তিনি বলেন, এ সংক্রান্ত নথি এখনও তার দেখার সুযোগ হয়নি। তবে দ্রুত একটি কমিটি গঠন করে পুরো বিষয়টি পর্যালোচনা করা হবে এবং এরপর তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন।

















২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু