গুরুতর চোটে বিশ্বকাপ শঙ্কায় একিতিকের
- আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
নিজেদের দূর্গে ঘুরে দাড়ানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল লিভারপুল। অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে (দুই লেগে ৪-০) বিদায় নিয়েছে অল রেডরা। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দলের গুরুত্বপূর্ণ সদস্য হুগো একিতিকে পড়েছেন চোটে। গুরুতর এই চোট লিভারপুল এবং ফ্রান্স—উভয় পক্ষকেই বড় দুশ্চিন্তায় ফেলেছে।
অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের ম্যাচের ২৭ মিনিটে পা হড়কে ডান পায়ের গোড়ালিতে চোট পান একিতিকে। চোটের গুরুত্ব বুঝে চিকিৎসকরা দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যান ফরাসি ফরোয়ার্ডকে। একিতিকে মাঠ ছাড়ার পর তা বদলি হয়ে মাঠে নামেন মোহাম্মদ সালাহ। গত সপ্তাহের প্রথম লেগের মতো এই ম্যাচেও মিশরীয় তারকা ফরোয়ার্ডকে শুরুর দিকে বেঞ্চেই বসে থাকতে হয়েছিল।
ম্যাচের পর একিতিকের চোট নিয়ে লিভারপুল কোচ আর্নে স্লটের কণ্ঠে ছিল দুশ্চিন্তার ছাপ, ‘পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। বেশ গুরুতর চোট বলেই মনে হচ্ছে, তবে ঠিক কতটা তা এখনই বলা কঠিন। আগামীকাল আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানব।’
পিএসজির বিপক্ষে ম্যাচে আলেকজান্ডার ইসাক চার মাস পর প্রথমবারের মতো লিভারপুলের শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোচ আর্নে স্লট ইঙ্গিত দিলেন, একিতিকের এই চোটের কারণে হয়তো এই মৌসুমে শেষবারের মতো নিজের পছন্দের আক্রমণভাগকে একসঙ্গে মাঠে নামাতে পেরেছিলেন।
স্লট আক্ষেপ করে বলেন, ‘আজকের রাতের আগে আমরা ফ্লোরিয়ান (উইর্টজ), আলেকজান্ডার এবং হুগোকে নিয়ে মাত্র ৮৮ মিনিট একসঙ্গে খেলাতে পেরেছি। আজ এরসঙ্গে আরও ২৭ মিনিট যোগ হলো। আমার মনে হয় না এই মৌসুমে আমরা তাদের আর একসঙ্গে খেলাতে পারব। একমাত্র ভালো দিক হলো আলেকজান্ডার চোট কাটিয়ে ফিরেছে।’
একিটিকের এই চোট ফ্রান্সের আসন্ন বিশ্বকাপ ভাবনায়ও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে লিভারপুলের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার দৌড়েও এটি বড় ধাক্কা। একিটিকের ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ইব্রাহিমা কোনাতে অ্যামাজন প্রাইমকে বলেন,
‘আমার মনে হচ্ছে চোটটা বেশ খারাপ। আমি অনেক কিছুই শুনেছি, কিন্তু এটা নিয়ে কথা বলার মতো ভাষা আমার নেই। সামনে বিশ্বকাপ, এই সময়ে এমন চোট ওর জন্য মেনে নেওয়া খুব কঠিন। আমি ওর জন্য প্রার্থনা করছি।’
এই মৌসুমে একিটিক লিভারপুলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন একিতিকে। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাব ও দেশের হয়ে এরমধ্যেই ১৯টি গোল করেছেন। গত মাসে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়েও তাঁর গোল ছিল।
এদিকে পিএসজির জন্য রাতটা ছিল মিশ্র অভিজ্ঞতার। ইউরোপ সেরা প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লেফট-ব্যাক নুনো মেন্দেস প্রথমার্ধের শেষ দিকে কোনো এক অজানা সমস্যায় মাঠ ছাড়লেও তিনি নিজেই হেঁটে যেতে পেরেছেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দেসিরে দুয়ে-কেও খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে।


























পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ